পুরাতন বিস্ময়
কাজী জহিরুল ইসলাম
তোমার ঠোঁটে আগুন জ্বলে আমার চোখে ভয়
আমরা দুজন এই পৃথিবীর পুরাতন বিস্ময়
অন্ধকারে লুকিয়ে রাখো চোখের নীল-আকাশ
ভুলেই গেছো সেই আকাশে আমার বসবাস
যেদিন তোমার মেঘ ভেঙে জল বর্ষা নেমে এলো
আমার গৃহ তখন থেকে শুধুই এলোমেলো।
আমি কোথায়, আমি নাকি, ওখানে তো তুমি
আমার এখান-ওখান জুড়ে তোমার গোয়ার্তুমি
তুমিও তো তোমার ভেতর পাওনি খুঁজে তল
তোমার নদীর ঢেউয়ে ঢেউয়ে আমার গোপন জল।
No comments:
Post a Comment